
কলকাতা, ২ মার্চ (হি.স.): বীরভূম জেলার হাঁসন বিধানসভা কেন্দ্রে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ নিয়ে জোর বিতর্ক ও রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বীরভূম লোকসভার অন্তর্গত এই কেন্দ্রে ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ডা. অশোক চট্টোপাধ্যায়।তবে এবারের নির্বাচনী ময়দানে শাসক দলের অন্দরে 'প্রতিষ্ঠান-বিরোধী' হাওয়া এবং বর্তমান বিধায়কের বিরুদ্ধে 'জনসংযোগ ঘাটতি'র অভিযোগ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। স্থানীয় নেতাদের একাংশের অভিমত, গত পাঁচ বছরে এলাকার উন্নয়নমূলক কাজ এবং জনসংযোগ আশানুরূপ ছিল না। এই পরিস্থিতিতে এলাকার সক্রিয় ও প্রভাবশালী ব্লক নেতা সুকুমার মুখোপাধ্যায়ের নাম কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এসেছে। স্থানীয় ভোটার ও কর্মীদের একটি বড় অংশ সুকুমারবাবুকেই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে চাইছেন বলে দাবি উঠছে।যদিও এই বিষয়ে দলীয় স্তরে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘোষণার পর প্রার্থীর অতীত পারফরম্যান্স এবং গ্রহণযোগ্যতা যাচাই করেই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে। আশা করা হচ্ছে, আগামীকাল প্রার্থীর বিষয়ে তৃণমূলের অবস্থান কিছুটা স্পষ্ট হতে পারে। শেষ পর্যন্ত কি বর্তমান বিধায়কই ফের লড়াইয়ের টিকিট পাবেন, নাকি নতুন মুখের দেখা মিলবে— সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত