
সোনামুড়া (ত্রিপুরা), ২ মার্চ (হি.স.) : ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের চরম গাফিলতির অভিযোগ উঠেছে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর থানার অন্তর্গত দশরথবাড়ি টিটিএএডিসি ভিলেজের মধুচরণ পাড়া এলাকায়। দীর্ঘ চার মাস ধরে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী শিক্ষিকা না থাকায় একজন শিক্ষিকাকেই দুটি কেন্দ্রের দায়িত্ব সামলাতে হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে শিশুদের পাঠদান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুচরণ পাড়ার প্রায় এক কিলোমিটারের মধ্যে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে—একটি মধুচরণ পাড়ায় এবং অন্যটি পালপাড়ায়। অভিযোগ, বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত চার মাস ধরে কোনও শিক্ষিকা নেই। এর পরিপ্রেক্ষিতে মেলাঘর সিডিপিও অফিস থেকে পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্পরানী দেবনাথকে অস্থায়ীভাবে দুটি কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
কিন্তু বাস্তবে একজন শিক্ষিকার পক্ষে প্রতিদিন দুটি পৃথক কেন্দ্রে উপস্থিত থেকে পাঠদান ও অন্যান্য দায়িত্ব পালন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে দুই কেন্দ্রের ছোট ছোট শিশুদের নিয়মিত পাঠদান, পুষ্টি বিতরণ ও অন্যান্য পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট দফতরের অব্যবস্থাপনা ও সঠিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থতার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট শিক্ষিকাও দ্বিধায় পড়েছেন—কোন কেন্দ্রটিকে অগ্রাধিকার দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন, তা নিয়ে তিনি চরম সমস্যায় রয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে বঙ্ক বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্থায়ী শিক্ষিকা নিয়োগ করে শিশুদের স্বাভাবিক পাঠদান ও পরিষেবা নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ