
কলকাতা, ২ মার্চ (হি. স.): সল্টলেকে গ্রিন লাইন মেট্রোর নিরাপত্তা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সোমবার সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের বাইরের ছাদের চাঙড় ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, তবে সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। এই দুর্ঘটনা মেট্রো পরিষেবার পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সোমবার সকালে ব্যস্ত সময়ে স্টেশনের নিচের রাস্তায় ছাদের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিছু জায়গায় স্টেশনের নিচের অংশের সিমেন্টের আস্তরণও খসে পড়তে দেখা গেছে। ঘটনার সময় রাস্তায় যানবাহনের যথেষ্ট ভিড় ছিল, ফলে বড়সড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট রাস্তাটি ঘিরে দেয়। পাশাপাশি মেট্রো রেল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়। মেট্রোর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির তদারকি করেন।
মেট্রো সূত্রে খবর, ছাদের দেওয়াল ভেঙে পড়ার কারণ কী—নির্মাণ সামগ্রীর গুণগত মানের অভাব নাকি রক্ষণাবেক্ষণে গাফিলতি, তা খতিয়ে দেখা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ দ্রুত শুরু করা হবে।
উল্লেখ্য, গত বছর ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ায় স্টেশনটি বন্ধ করে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই নিরিখে তুলনামূলকভাবে নতুন এই সেন্ট্রাল পার্ক স্টেশনে এমন দুর্ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি বাড়িয়ে দিয়েছে। গ্রিন লাইনে মেট্রো পরিষেবা কতটা নিরাপদ থাকবে, তা নিয়ে স্থানীয় মানুষ ও নিত্যযাত্রীরা চিন্তিত। যদিও মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে যে, পরিষেবায় আপাতত কোনও প্রভাব পড়বে না এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করা হবে না।
হিন্দুস্থান সমাচার / সোনালি