
আগরতলা, ২০ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রাক্কালে ১৩- সিমনা তমাকারী এবং ১৪-বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্র থেকে সিপিআই(এম) প্রার্থী যথাক্রমে অমূল্য দেববর্মা ও সঞ্জিত দেববর্মা শুক্রবার মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বামুটিয়া কেন্দ্রের বামফ্রন্ট বিধায়ক নয়ন সরকারের উপস্থিতিতে প্রার্থীদের সমর্থনে একটি মিছিলও সংগঠিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব ব্যক্ত করেন। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষ বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক উন্নয়ন প্রত্যাশা করছে এবং সেই লক্ষ্যে বিকল্প হিসেবে সিপিআই(এম)-এর প্রতি সমর্থন বাড়ছে।
এছাড়াও তাঁরা জানান, ক্ষমতায় এলে প্রশাসনে স্বচ্ছতা বজায় রেখে জনগণের করের অর্থ যথাযথভাবে মানুষের কল্যাণে ব্যয় করা হবে এবং এলাকায় উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ