
হুগলি, ২০ মার্চ (হি.স.): গোঘাট বিধানসভা কেন্দ্রে ভোটের লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই এলাকায় প্রচারে নেমে পড়েছেন প্রার্থী প্রশান্ত দিগার। প্রার্থী ঘোষণার পর থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে এলাকা জুড়ে জনসংযোগে জোর দিয়েছেন তিনি।
প্রচারের মূল ভরকেন্দ্র হিসেবে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন দিগার। সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ শুনে তা তুলে ধরছেন জনসমক্ষে। এই প্রচারেই উঠে আসছে আলুর দামের ইস্যু, যা বর্তমানে এলাকার অন্যতম বড় সমস্যা হিসেবে সামনে এসেছে।
বিজেপি প্রার্থীর দাবি, আলুর ন্যায্য দাম না পেয়ে চাষিরা চরম সমস্যার মুখে পড়েছেন। তিনি বলেন, কৃষকরা লোকসানের মুখে পড়লেও রাজ্য সরকার এ বিষয়ে কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়াও পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা ও বাসস্থানের সমস্যার কথাও তুলে ধরেছেন দিগার। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এলাকায় পাকা বাড়ির ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধান করা হবে।
শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে তিনি ভোটারদের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, এলাকায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এবং সেই আস্থা নিয়েই প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA