
কলকাতা, ২০ মার্চ (হি.স.): আরজি কর হাসপাতালের লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে| এবার সেই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন হাসপাতালে আসা অন্যান্য রোগীর আত্মীয়েরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের কোনও ভবনেই লিফটম্যান ঠিকঠাক থাকেন না। তাঁরা বলেন, এই ঘটনার পরে আতঙ্কে রয়েছি। আমাদের দাবি, হাসপাতালের প্রতিটি লিফটে অপারেটর চাই। তাঁদের এও অভিযোগ, সিঁড়ি দিয়েও ওঠা যায় না। কুকুর-বেড়ালে ভর্তি।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তির। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে| প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দমদমের বাসিন্দা। ভোর ৫টা নাগাদ তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে চেপে পাঁচ তলায় যাচ্ছিলেন। লিফটে আটকে মৃত্যু হয় তাঁর। চার বছরের ছেলে ও স্ত্রীয়ের সঙ্গে আরজি কর হাসপাতালে এসেছিলেন তিনি। তাঁর ছেলের হাত ভাঙা থাকায় হাসপাতালে অস্ত্রোপচারের কথা ছিল। হাসপাতাল সূত্রে খবর, এ দিন ভোরে ছেলের অস্ত্রোপচারের জন্য ট্রমা কেয়ার বিল্ডিংয়ের পাঁচ তলায় লিফটে করে যাচ্ছিলেন অরূপ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে। কিন্তু পাঁচ তলায় ওঠার বদলে লিফটটি হঠাৎ নীচে নামতে থাকে। সেটি বেসমেন্টে চলে যায়। সেখানেই আটকে পড়েন শিশু-সহ তিন জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময়ে লিফটে কোনও অপারেটর ছিলেন না। আটকে পড়া মানুষদের চিৎকার শুনে সাহায্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন অনেকে। কিন্তু অভিযোগ, প্রায় এক ঘণ্টা কেটে গেলেও লিফট থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধারকারীরা এসে লিফটের দরজা খুলে ভিতর থেকে ওই ব্যক্তির নিথর দেহ উদ্ধার করে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ