
আগরতলা, ২২ মার্চ (হি.স.) : সম্মেলনকে সামনে রেখে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ডুকলি বিভাগীয় কমিটি। বড়দোয়ালিতে সিপিআই(এম) কার্যালয়ে অনুষ্ঠিত এই শিবিরকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রতন দাস, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, শ্রমিক নেতা সৃজন দেব, ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শিবির প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক রতন দাস জানান, ১৯৮০ সাল থেকে ডিওয়াইএফআই রাজনৈতিক ও অর্থনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রক্তদান কর্মসূচি সেই সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। তিনি দাবি করেন, রাজ্যে রক্তদানের ক্ষেত্রে ডিওয়াইএফআই অন্যতম বৃহৎ সংগঠন হিসেবে কাজ করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ