
পূর্ব বর্ধমান, ২৪ মার্চ (হি.স.): বিজেপির এক নেতার রাস্তার ধারে থাকা সেলুনের ভিতর ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। ওই সেলুনের মালিক, বিজেপির ১৪২ নম্বর বুথ সভাপতি তাপস মাঝির দোকানটি রয়েছে ভাতারের নর্জা মোড়ে। তাঁর অভিযোগ, কয়েক দিন আগে তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। সে কারণে তৃণমূলের লোকেরাই এই ভাঙচুর চালিয়েছে। এ দিন সকালে সেলুন খুলতে এসে ভাঙচুরের ঘটনাটি দেখেন তাপস। স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে, তৃণমূল ভয় পেয়ে কখনও দোকানে হামলা চালাচ্ছে, তো কখনও বিজেপির পোস্টার খুলে দিচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ