
আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে আগরতলায় বিজেপি রাজ্য দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়, মন্ত্রী টিংকু রায়সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এদিন এককভাবেই টিটিএএডিসির ২৮টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি আরও জোরদার করল।
প্রার্থী তালিকা প্রকাশ করে রাজীব ভট্টাচার্য জানান, মনোনীত প্রার্থীরা মঙ্গলবার এবং বুধবার তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন। তিনি বলেন, দলীয়ভাবে প্রার্থীদের নির্বাচনে জয়ী করতে সর্বস্তরের কর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা রাজ্য সরকারের কাজের স্বচ্ছতা ও উন্নয়নমূলক কার্যক্রমের উপর জোর দেন। তিনি বলেন, “স্বচ্ছতা বজায় রেখে সরকার কাজ করে চলেছে। এই স্বচ্ছতার কারণেই মানুষ বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছে। সেই বিশ্বাসকে ভিত্তি করেই আমরা মানুষের কাছে যাচ্ছি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে সার্বিক উন্নয়ন এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বিচ্ছিন্নতাবাদীদের মূল স্রোতে ফিরিয়ে এনে স্থায়ী শান্তির পরিবেশ গড়ে তোলা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “মানুষ শান্তি চায়, আর রাজ্য সরকার সেই শান্তির পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে। এই কারণেই বিজেপি-এর প্রতি মানুষের সমর্থন এবং আগ্রহ ক্রমশ বাড়ছে।” পাশাপাশি টিটিএএডিসিতে স্বচ্ছ ও সুস্থ প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
ঘোষিত প্রার্থী তালিকায় দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই বর্তমান এমডিসিদেরই পুনরায় প্রার্থী করা হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করে মঙ্গলবারই তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদানকারী এমডিসি সওদাগর কলই এবং এক্সিকিউটিভ মেম্বার (ইএম) অনন্ত দেববর্মাকেও প্রার্থী করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২৩ - অম্পিনগর আসন থেকে বিজেপি-এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সওদাগর কলই। অন্যদিকে, ৯- হালাহালী-আশারামবাড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনন্ত দেববর্মা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ