
কলকাতা, ২৪ মার্চ (হি.স.) : সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নতির দাবিতে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ বিক্ষোভ দেখালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশ। মঙ্গলবার দুপুরে মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্যোগে মেডিকেল সুপারিনটেনডেন্ট-কাম-ভাইস প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।
এই কর্মসূচিতে চিকিৎসক, নার্স এবং সাধারণ মানুষ অংশ নেন। মেডিকেল সার্ভিস সেন্টারের পাশাপাশি সার্ভিস ডক্টর ফোরাম ও নার্সেস ইউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিক্ষোভ থেকে জরুরি পরিষেবার উন্নয়ন, শয্যা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির সংযোজন এবং জনবল ঘাটতি পূরণের দাবি জানানো হয়। সংগঠন সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে এমার্জেন্সি বিভাগে রোগীর চাপ বাড়লেও সেই অনুযায়ী পরিকাঠামো উন্নয়ন হয়নি। এর ফলে রোগী পরিষেবায় সমস্যা তৈরি হচ্ছে।
বিক্ষোভের পর হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, এমার্জেন্সি বিভাগের পুনর্গঠন ও উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ করা হবে। এই বিষয়ে স্বাস্থ্য ভবনেও আলোচনার কথা রয়েছে। মেডিকেল সার্ভিস সেন্টারের সম্পাদক ডা. বিপ্লব চন্দ্র জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। সংগঠনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগে রাজ্যজুড়ে এই ইস্যুতে আন্দোলন গড়ে তোলা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশাসনের উপর চাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত