খড়গপুরে রেলের পাঁচিল ভাঙা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা
খড়গপুর, ২৪ মার্চ (হি.স.) : খড়গপুরে রেলের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সর
খড়গপুরে রেলের পাঁচিল ভাঙা ঘিরে তৃণমূল-বিজেপি তরজা


খড়গপুর, ২৪ মার্চ (হি.স.) : খড়গপুরে রেলের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে প্রদীপ সরকার দাবি করেন, খড়গপুর শহরের অফিসার্স ক্লাব সংলগ্ন এলাকায় প্রায় আট মাস আগে রেলের পক্ষ থেকে একটি রাস্তা বন্ধ করে কংক্রিটের পাঁচিল তৈরি করা হয়েছিল। স্থানীয়দের যাতায়াতে অসুবিধার অভিযোগ উঠলে তৃণমূল প্রতিবাদ জানায়। তবে সেই সময় উল্টে তৃণমূলের বিরুদ্ধেই রেলের তরফে মামলা দায়ের করা হয়েছিল বলে তাঁর অভিযোগ। এই প্রেক্ষাপটে সম্প্রতি ওই পাঁচিল ভাঙার ঘটনায় বিজেপি কর্মীদের জড়িত থাকার দাবি করেন তিনি। তাঁর প্রশ্ন, রেলের সম্পত্তি হিসেবে চিহ্নিত পাঁচিল ভাঙার সাহস তারা পেল কীভাবে? বিষয়টি নিয়ে আরপিএফ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া মেলেনি বলেও জানান তিনি।

এদিন নির্বাচনী আচরণবিধি নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, রেলের জমিতে তৃণমূলের পতাকা থাকলে তা দ্রুত সরানো হলেও একই এলাকায় বিজেপির পতাকা রয়ে গেলেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। পাশাপাশি, পাঁচিল ভাঙার ঘটনায় আরপিএফ-কে ‘নীরব দর্শক’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, বিজেপি নেতৃত্বের মদতেই এই ধরনের বেআইনি কাজ চলছে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে খড়গপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যুর প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande