
হুগলি, ২৪ মার্চ (হি.স.) : হুগলির খানাকুলে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে ভাঙনের অভিযোগ উঠল। বিজেপি প্রার্থী ও বিধায়ক সুশান্ত ঘোষ-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রায় ২০ জন সক্রিয় কর্মী ও তাঁদের পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁরা পলাশ রায়-এর হাত ধরে শাসকদলে যোগ দেন। সদ্য দলবদল করা কর্মীদের দাবি, স্থানীয় বিজেপি নেতৃত্ব দলীয় নির্দেশ না মেনে নিজেদের মতো দল পরিচালনা করছে, ফলে আদর্শগত বিচ্যুতি ঘটছে। পাশাপাশি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি ও ব্যক্তিগত আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা|
যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন সুশান্ত ঘোষ। তাঁর দাবি, যারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরেই বিজেপিতে সক্রিয় ছিলেন না। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। নির্বাচনের আগে খানাকুলে তৃণমূল ও বিজেপি - দুই শিবিরেই গোষ্ঠীকোন্দলের অভিযোগ থাকলেও, তৃণমূল ধীরে ধীরে ঐক্যবদ্ধ হচ্ছে বলে রাজনৈতিক মহলের মত। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতৃত্বের মধ্যে কলহ এখনও স্পষ্ট। প্রার্থী ঘোষণা হয়ে গেলেও দলের একাংশ এখনও প্রচারে নামেননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কর্মীদের দলবদল রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA