টিটিএএডিসি নির্বাচনে বিজেপি-এর ২৮ আসনেই প্রার্থীর নাম ঘোষণা
আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রাক্কালে বড়সড় পদক্ষেপ নিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ২৮টি আসনের প্রার্থীর নাম আনুষ্ঠানিক
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা


আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রাক্কালে বড়সড় পদক্ষেপ নিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ২৮টি আসনের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিং রায়, প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা এবং বিজেপি-এর সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

প্রার্থী তালিকা ঘোষণা করে রাজীব ভট্টাচার্য বলেন, দল উন্নয়নমুখী ভাবনা এবং সংগঠনের শক্তিকে সামনে রেখে প্রার্থী নির্বাচন করেছে। প্রতিটি প্রার্থীই নিজ নিজ এলাকায় সক্রিয় এবং মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত বলে তিনি দাবি করেন।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, রাজ্য সরকার টিটিএএডিসি এলাকার সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক বছরে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।

উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও জানান, প্রার্থীরা তৃণমূল স্তর থেকে উঠে আসা এবং সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে অবগত। ফলে নির্বাচনে ইতিবাচক ফলের ব্যাপারে দল আশাবাদী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একযোগে ২৮টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি নির্বাচনী প্রচারে গতি আনতে চাইছে। অন্যদিকে বিরোধী দলগুলিও নিজেদের প্রস্তুতি জোরদার করছে, ফলে টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande