
আগরমালওয়া, ২৮ মার্চ (হি.স.) : মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী। একটি বেসরকারি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ১৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে শনিবার গুরাড়িয়া ও মাল্যাহেড়ি মোড়ে বড়গাঁওয়ের কাছে।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি সুসনের থেকে নালখেদা হয়ে কুরাওয়ার যাচ্ছিল। বড়গাঁওয়ের কাছে গুরাড়িয়া ও মাল্যাহেড়ি মোড়ের কাছে আচমকা রাস্তার উপর একটি মহিষ চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় বড়গাঁওয়ের বাসিন্দা গোকুল সিংহ যাদব (৬০) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বাসে থাকা বহু যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে উদ্ধারকাজ চালিয়ে আহতদের নালখেদা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত ৮ জনকে আগরমালওয়া জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস