শ্রীভূমি জেলায় প্লাস্টিকের বোতল বা খোলা পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রিতে জারি নিষেধাজ্ঞা
শ্রীভূমি (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক জরুরি আদেশের মাধ্যমে জেলার সমস্ত পেট্রোল পাম্প এবং রিটেইল আউটলেটগুলিতে প্লাস্টিকের বোতল, ক্যান বা অন্য কোনও খোলা পাত্রে পেট্রোল এবং ডিজেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা
শ্রীভূমি জেলায় প্লাস্টিকের বোতল বা খোলা পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রিতে জারি নিষেধাজ্ঞা


শ্রীভূমি (অসম), ২৮ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমির খাদ্য গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক জরুরি আদেশের মাধ্যমে জেলার সমস্ত পেট্রোল পাম্প এবং রিটেইল আউটলেটগুলিতে প্লাস্টিকের বোতল, ক্যান বা অন্য কোনও খোলা পাত্রে পেট্রোল এবং ডিজেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, এখন থেকে জ্বালানি তেল শুধুমাত্র সরাসরি যানবাহনের ফুয়েল ট্যাঙ্কে ভরা যাবে। জারিকৃত নির্দেশনায় জানানো হয়েছে, প্লাস্টিকের বোতল বা অননুমোদিত পাত্রে দাহ্য তেল সংগ্রহ ও পরিবহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর ফলে যে কোনও সময় ভয়াবহ অগ্নিকাণ্ড বা বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এছাড়া এই প্রক্রিয়া পেট্রোলিয়াম পণ্য বিতরণের জন্য নির্ধারিত নিরাপত্তা বিধিগুলির চরম লঙ্ঘন।

জারিকৃত নিষেধাজ্ঞা অনুসারে, পেট্রোল এবং ডিজেল শুধুমাত্র সরাসরি যানবাহনে সরবরাহ করতে হবে। প্লাস্টিকের বোতল, ড্রাম, ক্যান বা অন্য কোনও খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা কঠোরভাবে নিষিদ্ধ। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প বা ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাম্প মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা এই নির্দেশিকা স্থানীয় ভাষায় পাম্প চত্বরে দৃশ্যমানভাবে প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন। জেলা প্রশাসন থেকে জেলার সমস্ত পেট্রোল পাম্প ম্যানেজার ও স্বত্বাধিকারীদের এই নিয়ম অবিলম্বে এবং কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande