বিবাদের জেরে ভাড়াটিয়াকে খুন আরেক ভাড়াটিয়ার, পলাতক অভিযুক্ত
আগ্রা, ২৮ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের আগ্রায় পারস্পরিক বিবাদকে কেন্দ্র করে এক ভাড়াটিয়াকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে অপর এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত পলাতক, তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে
বিবাদের জেরে ভাড়াটিয়াকে খুন, অভিযুক্ত পলাতক


আগ্রা, ২৮ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের আগ্রায় পারস্পরিক বিবাদকে কেন্দ্র করে এক ভাড়াটিয়াকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগ উঠেছে অপর এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত পলাতক, তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউ আগ্রা থানার অন্তর্গত নগলা পাড়ি এলাকার একটি বাড়িতে একই সঙ্গে ভাড়ায় থাকতেন জিতেশ শর্মা ও গণেশ বর্মা। শুক্রবার গভীর রাতে দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, জিতেশ প্রায়ই অনুমতি ছাড়াই গণেশের ঘরে ঢুকে তাঁকে বিরক্ত করতেন। এই বিষয়টি নিয়েই দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে অশান্তি চলছিল।

ঘটনার রাতে সেই বিবাদ চরমে পৌঁছলে হাতাহাতি শুরু হয়। সেই সময় উত্তেজিত হয়ে জিতেশ ধারালো অস্ত্র দিয়ে গণেশের পেটে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানিয়েছে, নিহত গণেশ বর্মা পেশায় মিষ্টি প্রস্তুতকারক ও হালুইকর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নাবালিকা মেয়েকে নিয়ে ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিতেশ শর্মা পলাতক। পুলিশ তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande