
আগরতলা, ২৮ মার্চ (হি.স.) : ত্রিপুরার বিভিন্ন মহাবিদ্যালয়ে কর্মরত গেস্ট লেকচারাররা কাজের স্থায়ীকরণ এবং নির্দিষ্ট বেতনের দাবিতে সরব হলেন। শনিবার আগরতলায় মহিলা মহাবিদ্যালয়ে গেস্ট লেকচারারদের সংগঠন ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘের উদ্যোগে সভার আয়োজন করা হয়।
এই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু গেস্ট লেকচারার অংশগ্রহণ করেন। সভায় তাঁদের কর্মজীবনের নানা সমস্যা, অনিশ্চয়তা এবং সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত গেস্ট লেকচারাররা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা স্বল্প বেতন ও অনিশ্চিত চাকরির পরিবেশে কাজ করে চলেছেন, যা তাঁদের মানসিক ও আর্থিকভাবে চাপে ফেলছে।
সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গেস্ট লেকচারারদের প্রধান দাবি হল—তাঁদের চাকরি স্থায়ীকরণ এবং একটি নির্দিষ্ট ও সম্মানজনক বেতন কাঠামো চালু করা। পাশাপাশি প্রতি বছর ইন্টারভিউয়ের মাধ্যমে পুনরায় যোগ্যতা প্রমাণের যে প্রক্রিয়া চালু রয়েছে, তা বন্ধ করার দাবিও তোলা হয়। তাঁদের মতে, এই প্রক্রিয়া অযৌক্তিক এবং মানসিক হয়রানির শামিল।
সংগঠনের এক নেতৃত্ব জানান, এই সমস্ত দাবিগুলি তুলে ধরার জন্য তাঁরা একাধিকবার রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ নিয়েছেন। তবে এখন পর্যন্ত সেই সুযোগ মেলেনি বলে অভিযোগ করেন তিনি।
সভায় আরও জানানো হয়, রাজ্য বিধানসভার তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ে সাত শতাধিক গেস্ট লেকচারার কর্মরত রয়েছেন। তাঁরা উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, কিন্তু তাঁদের কর্মপরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে।
গেস্ট লেকচারাররা আশা করেন, রাজ্য সরকার দ্রুত তাঁদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে তাঁরা সম্মানের সঙ্গে এবং নিশ্চিন্তভাবে শিক্ষাক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ