প্রাক্তন সাংসদ ডা. তরুণ মণ্ডলের নাম ভোটার তালিকা থেকে বাদ, সিইও দফতরে এসইউসিআই-এর স্মারকলিপি
কলকাতা, ২৮ মার্চ (হি.স.): প্রাক্তন সাংসদ ডা. তরুণ মণ্ডলের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় তীব্র প্রতিবাদে সরব হল এসইউসিআই (কমিউনিস্ট)। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন দলীয়
প্রাক্তন সাংসদ ডা. তরুণ মণ্ডলের নাম ভোটার তালিকা থেকে বাদ, সিইও দফতরে এসইউসিআই-এর স্মারকলিপি


কলকাতা, ২৮ মার্চ (হি.স.): প্রাক্তন সাংসদ ডা. তরুণ মণ্ডলের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনায় তীব্র প্রতিবাদে সরব হল এসইউসিআই (কমিউনিস্ট)। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন দলীয় প্রতিনিধিরা। ওই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস রায়, রাজ্য কমিটির সদস্য অজয় চট্টোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

​দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ডা. মণ্ডলের সচিত্র পরিচয়পত্র, পেনশন সংক্রান্ত নথি (পিপিও) এবং কেন্দ্রীয় সরকারের ‘গ্রুপ-এ’ অফিসার হিসেবে চাকরির প্রমাণপত্র সহ একাধিক বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসইউসিআই নেতৃত্বের দাবি, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর পেছনে প্রশাসনিক গাফিলতি রয়েছে।

​স্মারকলিপি গ্রহণ করলেও সিইও দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে এই বিষয়ে ট্রাইব্যুনালে আপিল করা ছাড়া কমিশনের হাতে আর কোনো বিকল্প নেই।

​অন্যদিকে, শুধুমাত্র ডা. তরুণ মণ্ডলই নন, রাজ্যের আরও বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ তুলেছে এসইউসিআই। দলের পক্ষ থেকে দ্রুত আপিল প্রক্রিয়া শুরু করা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় দলের প্রার্থীদের দেওয়াল লিখন মুছে দেওয়া এবং কর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের আবেদনও জানানো হয়েছে স্মারকলিপিতে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande