
কলকাতা, ২৮ মার্চ (হি.স.) : দক্ষিণ ২৪ পরগণা জেলার নোদাখালিতে পুকুরসীতা ঈদ মেলার মঞ্চ থেকে রাজ্যের বিশিষ্ট সমাজকর্মীদের বিশেষ সম্মাননা প্রদান করা হলো। বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সমাজ সম্পদ সম্মাননা - ২০২৬’। শনিবার এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজসেবীদের হাতে স্মারক এবং উত্তরীয় তুলে দিয়ে তাঁদের কাজের স্বীকৃতি জানানো হয়।অনুষ্ঠানের সূচনা পর্বে ছিল উদ্বোধনী সঙ্গীত এবং শহীদ ভগৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান। এরপর একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয়। অনুষ্ঠানে শহীদ ভগৎ সিংয়ের আদর্শ এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন ডা. রবিয়াল মোল্লা।সংগঠনের সভাপতি মইনুদ্দিন মল্লিক জানান, তাঁদের সংগঠন সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। এর মধ্যে শিক্ষা সহায়তা, রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বাল্যবিবাহ রোধ ও থ্যালাসেমিয়া বিরোধী সচেতনতা প্রচার এবং দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অন্যতম। তিনি বলেন, “যে সমস্ত ব্যক্তি বা সংস্থা নিঃস্বার্থভাবে সমাজের উন্নতির জন্য কাজ করে চলেছেন, তাঁদের উৎসাহ দিতেই এই সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে।”এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জগন্নাথ গুপ্তা সহ একাধিক সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমগ্র অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত