
শিলিগুড়ি, ৩০ মার্চ (হি.স.): শিলিগুড়ির নকশালবাড়িতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই বাদ পড়া ভোটারের সংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ ক্রমাগত তীব্র হচ্ছে।
দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা এলাকার ২৫/৬২ সেবদুল্লা জোত প্রাথমিক বিদ্যালয়ের সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় এবার ৬৬ জনের নাম বাদ দেওয়া হয়েছে। মোট ৯৬৬ জন ভোটারের মধ্যে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ তালিকায় ইতিপূর্বেই ৪০ জনের নাম বাদ গিয়েছিল এবং ১১১টি নাম বিবেচনাধীন ছিল।
এবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর আরও ৬৬ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও এখনও ১১ জন ভোটারের নাম বিবেচনাধীন বলে জানানো হচ্ছে।
এবার যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসরফ আনসারির নামও রয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, সংখ্যালঘু এবং দুটি জনজাতি সম্প্রদায়ের ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে।
আসরফ আনসারির দাবি, নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আমাদের পরিবারের নাম ২০০২ সাল থেকে ভোটার তালিকায় রয়েছে। আমার বাবার নামও নথিবদ্ধ ছিল এবং আমার ঠাকুরদা ১৯৫১ সালে ভোট দিয়েছিলেন। আমাদের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি মজুত রয়েছে।”
একই ধরনের অভিযোগ তুলেছেন নাম বাদ পড়া অন্যান্য ভোটাররাও। এই পুরো বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষজন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি