৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী
আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল জিরানিয়া মহকুমার বোধজংনগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাতমুখীরাই নাকা চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড
দুই নেশা কারবারি গ্রেফতার


আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল জিরানিয়া মহকুমার বোধজংনগর থানার পুলিশ। রবিবার গভীর রাতে সাতমুখীরাই নাকা চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে অটোচালক পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বোধজংনগর থানার এসআই অর্পণ সাহা ও এএসআই মানিক কর নব চৌমুহনী এলাকায় টহলদারিতে ছিলেন। সেই সময় একটি যাত্রীবাহী অটো নব চৌমুহনী থেকে বণিক্য চৌমুহনীর দিকে যেতে দেখা যায়। সন্দেহ হওয়ায় পুলিশ অটোটি থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু চালক সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে।

এরপর পুলিশ অটোর পিছু ধাওয়া করে এবং শেষ পর্যন্ত সাতমুখীরাই নাকা চেকিং পয়েন্টের সামনে গাড়িটিকে আটকাতে সক্ষম হয়। এসময় সুযোগ বুঝে অটোচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বোধজংনগর থানার ওসি প্রশান্ত কুমার দে, আবগারি দফতরের আধিকারিক এবং জিরানিয়া মহকুমা শাসকের প্রতিনিধিরা। অটোর দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলি মধুপুর এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

সোমবার সকালে ওসি প্রশান্ত কুমার দে সাংবাদিকদের জানান, ধৃতদের একজন পশ্চিম জেলার বাসিন্দা এবং অপরজন সিপাহীজলা জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে সোমবার আদালতে তোলা হয় এবং পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও গত ২১ মার্চ পশ্চিম নোয়াগাঁও এলাকার একটি বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বোধজংনগর থানার পুলিশ এবং বাড়ির মালিককে গ্রেফতার করা হয়। মাত্র ৯ দিনের ব্যবধানে ফের বড় সাফল্যে পুলিশের নেশা বিরোধী অভিযানের জোরদার চিত্রই ফুটে উঠছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং পলাতক অটোচালককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande