
পশ্চিম সিংভূম, ৩০ মার্চ (হি.স.): ঝাড়খণ্ডের চাইবাসায় কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার এই তথ্য জানানো হয়েছে দলীয় সূত্রে। জানা গিয়েছে, পশ্চিম সিংভূম জেলার গুইরায় এলাকায় ট্রাইবাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে (টিআরটিসি) আয়োজিত ১০ দিনের এই প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হবে ৩১ মার্চ।
সোমবার জেলা কংগ্রেসের মুখপাত্র ত্রিশানু রায় জানান, সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থতার পরিস্থিতির জন্য রাহুল গান্ধীর এই সফর আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বে এই অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা ছিল, যদিও তা নিয়ে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ হয়নি।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ শিবিরে ঝাড়খণ্ড ও ওড়িশার নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতিদের সংগঠন শক্তিশালী করা, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ উন্নত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১০ দিনব্যাপী এই কর্মশালার মূল লক্ষ্য হল তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য