জোধপুর জেলা আদালতে ফের বোমা হামলার হুমকি, তল্লাশিতে কিছু মেলেনি
জোধপুর, ৩০ মার্চ (হি.স.): রাজস্থানের জোধপুরে ফের বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আদালত চত্বরে। সোমবার জোধপুর মেট্রো ও জেলা আদালত—দুটি গুরুত্বপূর্ণ আদালতের অফিসিয়াল ই-মেলে বোমা রাখার হুমকি আসে। সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে
জোধপুর জেলা আদালতে ফের বোমা হামলার হুমকি, তল্লাশিতে কিছু মেলেনি


জোধপুর, ৩০ মার্চ (হি.স.): রাজস্থানের জোধপুরে ফের বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আদালত চত্বরে। সোমবার জোধপুর মেট্রো ও জেলা আদালত—দুটি গুরুত্বপূর্ণ আদালতের অফিসিয়াল ই-মেলে বোমা রাখার হুমকি আসে। সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা আদালত চত্বর খালি করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালেই আদালতের কাজকর্ম চলাকালীন প্রশাসন ই-মেলটি দেখতে পায়। সেখানে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদয়মন্দির থানার পুলিশসহ বিশাল বাহিনী। পাশাপাশি বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াডকেও ডাকা হয়।

নিরাপত্তার স্বার্থে বিচারক, আইনজীবী, আদালত কর্মী এবং মামলার কাজে আসা সাধারণ মানুষদের দ্রুত বাইরে সরিয়ে নেওয়া হয়। এরপর আদালতের প্রতিটি অংশ—কোর্টরুম, আইনজীবীদের চেম্বার, পার্কিং এলাকা ও আশপাশের জায়গায় তল্লাশি চালানো হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

পুলিশ জানিয়েছে, এটি ভুয়ো হুমকি বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ই-মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই রাজস্থানের বিভিন্ন আদালতে ধারাবাহিকভাবে এ ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও মার্চ মাসের শুরুতে জোধপুর জেলা আদালত এবং তারও আগে রাজস্থান হাইকোর্টের জোধপুর ও জয়পুর বেঞ্চে একই ধরনের হুমকি আসে, যার জেরে আদালতের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটে।

এদিন পুলিশ ও নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande