
বক্সনগর (ত্রিপুরা), ৩০ মার্চ (হি.স.) : গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য পেল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ। রবিবার রাতে নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে দুই বাংলাদেশি নাগরিকসহ এক ভারতীয় যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টিআর০৭ই০৩৭৬ নম্বরের একটি গাড়ি কালীকৃষ্ণনগর এলাকা থেকে সোনামুড়া–বিলোনিয়া বাইপাস সড়ক ধরে সোনামুড়ার দিকে যাচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে সতর্ক অবস্থানে থাকা যাত্রাপুর থানার পুলিশ নির্দিষ্ট নাকা পয়েন্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই তপন দেবনাথ ও এসআই বিজয় চক্রবর্তী। তাঁদের সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন।
তল্লাশির সময় গাড়ি থেকে দুই বাংলাদেশি নাগরিক এবং এক ভারতীয় যুবককে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, বাংলাদেশের ১৮১০ টাকা এবং একটি বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ধৃত দুই বাংলাদেশির নাম মহম্মদ ইয়াসিন ও মহম্মদ হিজবুল। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁদের বাড়ি বাংলাদেশের বরিশাল এলাকায়। অন্যদিকে ধৃত ভারতীয় যুবকের নাম মহম্মদ মহিউদ্দিন। তাঁর বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত কালীকৃষ্ণনগর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ভারতীয় দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ করে ওই দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাঁদের মূল উদ্দেশ্য ছিল সোনামুড়া এলাকায় গিয়ে রাজমিস্ত্রীর কাজ করা। তবে এই ঘটনার পেছনে বড় কোনও পাচার বা দালাল চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পরপরই তিনজনকে যাত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ