
গাজিয়াবাদ, ৩০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনে বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে এক লজিস্টিকস সংস্থার ম্যানেজারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার ২২ তলা থেকে ঝাঁপ দেন ৪০ বছর বয়সী রঘুকুল তিলক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি রাজনগর এক্সটেনশনের একটি আবাসনে থাকতেন। তিনি একটি লজিস্টিকস কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সহকারী পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহমেদ জানান, প্রায় পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এবং গত তিন বছর ধরে আলাদা থাকতেন দু’জন। প্রায় ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক অবসাদের জেরেই এই চরম সিদ্ধান্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য