হাইলাকান্দিতে বিএলওদের পর্যালোচনা সভা, দায়িত্ব পালনে কঠোর বার্তা জেলাশাসকের
হাইলাকান্দি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতির অঙ্গ হিসেবে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্যে এসএস ক
হাইলাকান্দিতে বিএলওদের পর্যালোচনা সভা, দায়িত্ব পালনে কঠোর বার্তা জেলাশাসকের


হাইলাকান্দি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলায় প্রশাসনিক প্রস্তুতির অঙ্গ হিসেবে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা।

জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্যে এসএস কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ১২১ নম্বর হাইলাকান্দি এবং ১২২ নম্বর আলগাপুর–কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বুথ স্তরের আধিকারিক (বিএলও) ও তাঁদের তত্ত্বাবধায়করা।

সভায় জেলাশাসক বুথ স্তরের আধিকারিকদের কাজের অগ্রগতি ও প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখেন। বিশেষভাবে তিনি ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন সংক্রান্ত দায়িত্বসমূহ সময়মতো ও সঠিকভাবে সম্পাদনের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এই লক্ষ্যে প্রত্যেক আধিকারিককে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয় সভায়।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande