
হাইলাকান্দি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলায় ভোটার সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আজ সোমবার জেলা প্রশাসনের সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টরাল পার্টিসিপেশন (এসভিইইপি) সেলের উদ্যোগে হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক প্রাঙ্গণে ভোটার সচেতনতা কার্যসুচি অনুষ্ঠিত হয়েছে।
এসভিইইপি সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঙ্কিতা ছেত্রীর পৌরোহিত্যে আয়োজিত সভায় শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য পেশ করেন শংকর চৌধুরী। তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলায় বিভিন্ন জনজাগরণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকের সভা সেই উদ্যোগেরই অংশ।
তিনি সকলকে আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান, বিশেষ করে মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি।
সভায় সহকারী কমিশনার অঙ্কিতা ছেত্রী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি সকল ভোটারকে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। সভায় উপস্থিতদের ভোটার শপথবাক্য পাঠ করানো হয়। পাশাপাশি আয়োজিত সচেতনতা রেলিতে বিভিন্ন গ্রামাঞ্চলের মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কর্মসূচিতে এসআরএলএম-এর ব্লক প্রজেক্ট ম্যানেজার রাজীব সোরেন, সহকারী বিডিও এবং সেলের অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, এসভিইইপি সেলের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি বিশেষ মাসকট চালু করা হয়েছে এবং জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতা অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অঙ্কিতা ছেত্রী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস