
হাইলাকান্দি (অসম), ৩০ মাৰ্চ (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে হাইলাকান্দি জেলায় এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্যে আয়োজিত আজ সোমবারের সভায় ১২১ হাইলাকান্দি এবং ১২২ আলগাপুর–কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের জোনাল ও সেক্টর আধিকারিকদের পাশাপাশি ‘নিশ্চিত ন্যূনতম সুবিধা’ (এএমএফ)-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন সংক্রান্ত সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন স্তরের আধিকারিকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষভাবে প্রতিটি ভোটকেন্দ্রে ‘নিশ্চিত ন্যূনতম সুবিধা’ কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে।
সভায় জেলাশাসক অভিষেক জৈন, ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করে সুষ্ঠু, স্বচ্ছ ও ভোটার-বান্ধব নির্বাচন পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সব আধিকারিককে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে প্রত্যেক ভোটার সহজ ও নির্বিঘ্নভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস