
কলকাতা, ৩০ মার্চ (হি.স.): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ করে অভিযোগ করেছেন যে, বিজেপি ধর্ম ও জাতির নামে সমাজে বিভাজন সৃষ্টি করছে। ঝালদায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, বিজেপি উন্নয়নের ইস্যু নিয়ে কথা বলতে ভয় পায়।
পুরুলিয়া জেলার ঝালদায় আয়োজিত এই জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি স্থানীয় বিজেপি জনপ্রতিনিধিদের নিশানা করেন।
তিনি বলেন, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং ঝালদা, পুরুলিয়া, কাশীপুর ও পারা (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কদের উচিত জনসমক্ষে গত কয়েক বছরে তাঁদের করা উন্নয়নের খতিয়ান তুলে ধরা।
তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “যদি কেউ বলতে পারেন যে এই ক’বছরে তাঁরা কী কাজ করেছেন, তবে সামনে আসুন। বিজেপি কেবল মিথ্যে কথা বলে এবং হিন্দু-মুসলমানের মধ্যে দেওয়াল তোলার চেষ্টা করে।”
রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কুর্মালি ভাষাকে অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে এবং আঞ্চলিক সংস্কৃতি ও পরিচয় রক্ষার জন্য নিরন্তর কাজ করে চলেছে। তিনি আরও জানান, রাজবংশী ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্যও রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়েছে এবং তৃণমূল কংগ্রেস সর্বদা স্থানীয় সম্প্রদায়ের স্বার্থে লড়াই করেছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নেতারা আদিবাসী অঞ্চলের সামগ্রিক উন্নয়নের চেয়ে নিজেদের পরিবারকে এগিয়ে নিয়ে যেতে বেশি আগ্রহী। তিনি কেন্দ্রীয় সরকারকে “জনবিরোধী” বলে অভিহিত করে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, নির্বাচনের পর এলপিজি সিলিন্ডারের দাম দুই হাজার টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এছাড়া নোটবন্দি সহ কেন্দ্রের একাধিক নীতির সমালোচনা করে তিনি বলেন, এর ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি