
কলকাতা, ৩০ মার্চ (হি.স.): রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা বাড়লেও, নির্বাচন কমিশনের একাধিক নির্দেশিকায় ক্ষুব্ধ ব্লক লেভেল অফিসাররা (বিএলও)। সোমবার বিকেলে স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিএলও-দের একটি বড় অংশ। কমিশনের বিভিন্ন 'ফরমান'-এ তাঁরা জেরবার বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।এদিন বিকেলে স্ট্র্যান্ড রোডের শিপিং কর্পোরেশন ভবনে অবস্থিত নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূল সমর্থিত বিএলও-রা জমায়েত করেন। বিক্ষোভ চলাকালীন তাঁরা নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ, নির্বাচনের কাজে তাঁদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে এবং পরিকাঠামোগত সমস্যার সমাধান না করেই একের পর এক নির্দেশিকা চাপিয়ে দেওয়া হচ্ছে।অন্যদিকে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন বিকেল পাঁচটার পর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডঃ শশী পাঁজা সহ তৃণমূলের একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে যান।তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানিয়ে তাঁরা একটি স্মারকলিপিও জমা দেন। বিএলও এবং তৃণমূলের জোড়া বিক্ষোভকে কেন্দ্র করে এদিন বিকেলে স্ট্র্যান্ড রোড এলাকা এবং সিইও দফতরের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত