নন্দীগ্রাম থেকে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী, বাংলায় বিজেপির ‘নির্ণায়ক’ জয়ের দাবি
কলকাতা, ৩০ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হাই-প্রোফাইল নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি-র শীর্ষ নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মনোনয়ন জমা দেওয়ার
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৩০ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে সোমবার পূর্ব মেদিনীপুর জেলার হাই-প্রোফাইল নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি-র শীর্ষ নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর রাজ্যে বিজেপি-র ‘নির্ণায়ক’ জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

হলদিয়ার মহকুমা শাসক (এসডিও) দফতরে শুভেন্দু অধিকারী যখন মনোনয়ন জমা দিতে পৌঁছান, তখন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক বরিষ্ঠ নেতৃত্ব। শুভেন্দুর পাশাপাশি জেলার আরও দুই বিজেপি প্রার্থীও এদিন নিজেদের মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, এবার ভোটারদের মধ্যে বিজেপি-র প্রতি সমর্থন আগের থেকেও কয়েক গুণ বেশি। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, উন্নয়নমুখী এবং নৈতিক সরকার গড়ার জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিন তিনি আরও একধাপ এগিয়ে দাবি করেন যে, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও তিনি বড় ব্যবধানে জয়ী হবেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি তাঁকে এই দুই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করেছে। এর মধ্যে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সরাসরি টক্কর রাজ্য রাজনীতির সবথেকে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই এই কেন্দ্রটি রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের জন্য আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande