
ডুয়ার্স, ৩০ মার্চ (হি. স.) : রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চা বলয়ে নির্বাচনী প্রচারের গতি বাড়াল তৃণমূল কংগ্রেস। সোমবার জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে এক বিশেষ কর্মীসভার আয়োজন করল শাসকদল। মাটিয়ালি ব্লকের টিয়াবন সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন চা বাগানের প্রতিনিধি ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।এদিনের সভায় নাগরাকাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে প্রচারের রূপরেখা চূড়ান্ত করা হয়। দলীয় সূত্রের খবর, কর্মীদের বুথ স্তরে বাড়ি বাড়ি পৌঁছে সংগঠনকে আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে।জলপাইগুড়ি জেলা এসসি, ওবিসি সেলের সভাপতি তথা তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, “সমাজের সার্বিক উন্নয়নের জন্য রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই সঠিক দলকে সমর্থন করা প্রয়োজন।” তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে জলপাইগুড়ি জেলার সাতটি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।কর্মীসভার শেষে বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে রাজনৈতিক পরিবর্তনের ঘটনাও সামনে আসে। মাটিয়ালি ব্লকে এসসি ওবিসি সেলের স্থানীয় নেতৃত্বের উদ্যোগে প্রায় ১০টি পরিবারের একাধিক সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়।এদিনের কর্মসূচিতে সঞ্জয় কুজুর ছাড়াও উপস্থিত ছিলেন তজমল হক, দীপা মিঝার, দীপক ভুজেল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলের একাংশের মতে, চা বাগান এলাকায় এই যোগদান শাসকদলের সংগঠনকে আরও শক্তিশালী করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত