
দুর্গাপুর, ৩০ মার্চ (হি.স.): সোমবার সাতসকালে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল দুই মহিলা শ্রমিকের। পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের চুয়া গ্রামে শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমবেশি ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মঙ্গলি হেমব্রম (৩৯) এবং সুখোদি মুর্মু (৩৬)। তাঁরা কাঁকসার রক্ষিতপুর আদিবাসী পাড়ার বাসিন্দা। প্রতিদিনের মতো সোমবার সকালেও প্রায় ২৫ জন শ্রমিককে নিয়ে একটি পিকআপ ভ্যান ঢালাইয়ের কাজে যাচ্ছিল মলানদীঘি-রঘুনাথপুর রোড দিয়ে।
চুয়া গ্রামের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখেন, পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে এবং শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে নামেন। আহতদের দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও নিকটবর্তী দুটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকরা দুই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে ১১ জনকে মহকুমা হাসপাতালে এবং ৬ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং গাড়ির গতি নিয়ন্ত্রণে না থাকাই দুর্ঘটনার কারণ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা