আগরতলায় জয়পুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, বাংলাদেশি নাগরিক আটক
আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের মধ্যেই আবারও অনুপ্রবেশের ঘটনা সামনে এল। সোমবার সকালে আগরতলার লঙ্কামুড়া সংলগ্ন জয়পুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনাকে ঘিরে সীম
বাংলাদেশি নাগরিক আটক


আগরতলা, ৩০ মার্চ (হি.স.) : ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা জোরদারের মধ্যেই আবারও অনুপ্রবেশের ঘটনা সামনে এল। সোমবার সকালে আগরতলার লঙ্কামুড়া সংলগ্ন জয়পুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনাকে ঘিরে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, ৭৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা এক ব্যক্তিকে চিহ্নিত করেন। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হলে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন।

পরবর্তীতে আটক ব্যক্তিকে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থানার ওসি রানা চ্যাটার্জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তির নাম শোয়েব মিয়া। তিনি জয়পুর সীমান্ত দিয়ে গোপনে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে সক্ষম হলেন এবং এই কাজে কোনও দালাল চক্র বা সংগঠিত নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ঘটনার পেছনের সমস্ত দিক খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রুখতে সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande