
কলকাতা, ৩০ মার্চ (হি.স.) : রাজ্যে জমি দখল সংক্রান্ত একটি মামলার তদন্তে দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র-ইন-কাউন্সিল সদস্য দেবাশিস কুমারকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে ইতিমধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছে গিয়েছেন দেবাশিস কুমার। সেখানে আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনেও রাসবিহারী কেন্দ্র থেকে তাঁকে ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
ইডি সূত্রে খবর, গত ২৮ মার্চ জমি দখল এবং আর্থিক অনিয়ম সংক্রান্ত একটি মামলায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিলেন আধিকারিকরা। সেই সময় একটি নির্দিষ্ট সংস্থার অফিস এবং তার কর্মকর্তাদের বাসভবনেও অভিযান চালানো হয়। অভিযোগ উঠেছে, ওই সংস্থাটি বিনিয়োগকারীদের অধিক মুনাফার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীনই দেবাশিস কুমারের নাম সামনে আসে এবং সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া প্রায় ১৭টি এফআইআর-এর ওপর ভিত্তি করেই এই তদন্ত শুরু করেছে ইডি। ২৮ মার্চের অভিযানে সংশ্লিষ্ট সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখার পাশাপাশি সংস্থার ডিরেক্টর ও পদস্থ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ান ও নথির সূত্র ধরেই বিধায়ক দেবাশিস কুমারের নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারী সংস্থার।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আগামী দুটি দফার বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে দলের নেতা ও প্রার্থীদের হেনস্থা করছে কেন্দ্র সরকার। দেবাশিস কুমারকে তলব করা সেই প্রতিহিংসার রাজনীতিরই অংশ। অন্যদিকে, বিজেপি-র রাজ্য নেতৃত্ব এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, আদালতের নির্দেশের ভিত্তিতেই ইডি তদন্ত চালাচ্ছে। এর সঙ্গে কেন্দ্রের কোনও যোগসূত্র নেই।
হিন্দুস্থান সমাচার / সোনালি