
আরামবাগ, ৩০ মার্চ (হি.স.): ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কেন্দ্র করে হুগলির খানাকুলে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে খানাকুল ২ নম্বর ব্লকের বলপাই ট্রান্সফর্মা মোড়ে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫৬ নম্বর বুথের মোট ১৩৬ জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। অভিযোগ, এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকাতেও তাঁদের নাম রাখা হয়নি।
ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁরা জানান, শুনানির জন্য ডাকা হলে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও নাম বাদ পড়ায় ক্ষোভ বাড়ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে পরিবারের একাংশের নাম তালিকায় থাকলেও অন্যদের নাম বাদ পড়েছে। যেমন কারও বাবার নাম রয়েছে, কিন্তু ছেলে-মেয়ের নাম নেই, আবার কোথাও উল্টো চিত্রও দেখা যাচ্ছে। এমনকি ২০০২ সালের এসআইআর তালিকায় নাম থাকা সত্ত্বেও বর্তমান তালিকা থেকে নাম বাদ পড়েছে বলেও অভিযোগ ওঠে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA