
হাওড়া, ৩০ মার্চ (হি.স.): হাওড়া জেলার ডোমজুর সংলগ্ন একটি পাখা তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে সোমবার সকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোখের পলকে কারখানার ভেতরে থাকা দামী মেশিনপত্র এবং বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার সকাল প্রায় ৬টা নাগাদ ওই পাখা তৈরির কারখানায় হঠাৎই আগুন লাগে। কারখানার ভেতরে থাকা দামী যন্ত্রপাতি ও মজুত করা কাঁচামালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
খবর পেয়ে একে একে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পকেট ফায়ার নেভানোর কাজ এখনও চলছে। দমকল আধিকারিকদের মতে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগবে।
তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন দমকলের বিশেষজ্ঞরা। কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি