জিবিপি হাসপাতালে সরকারি ব্যবস্থার আড়ালে বেসরকারি চিকিৎসা পরিষেবার অভিযোগে চাঞ্চল্য
আগরতলা, ৩০ মার্চ (হি.স.): ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি ও জিবিপি হাসপাতালে সরকারি ব্যবস্থার মধ্যেই বেসরকারি চিকিৎসা পরিষেবা চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দুই মহিলা ও এক পুরুষ দীর্ঘদিন ধরে হাসপাতালের ভিতরেই নিজেদের নিয়
জিবিপি হাসপাতাল


আগরতলা, ৩০ মার্চ (হি.স.): ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি ও জিবিপি হাসপাতালে সরকারি ব্যবস্থার মধ্যেই বেসরকারি চিকিৎসা পরিষেবা চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দুই মহিলা ও এক পুরুষ দীর্ঘদিন ধরে হাসপাতালের ভিতরেই নিজেদের নিয়ন্ত্রণে বেসরকারি পরিষেবা চালিয়ে যাচ্ছেন। তাঁদের অধীনে কাজ করছেন একাধিক বেসরকারি নার্সও।

জানা গেছে, সোমবার এক বেসরকারি স্বাস্থ্যকর্মীর সঙ্গে অর্থ লেনদেন সংক্রান্ত বিবাদ থেকে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। ওই স্বাস্থ্যকর্মী আরতি সাহা অভিযোগ করেন, অর্চনা, বিশাখা এবং সজল নামের তিন ব্যক্তি হাসপাতালের রোগীদের জন্য বেসরকারিভাবে সহায়িকা (কেয়ারগিভার) নিয়োগ করছেন এবং এর মাধ্যমে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন। অথচ, যারা কাজ করছেন সেই নার্স বা সহায়িকাদের দেওয়া হচ্ছে সামান্য পারিশ্রমিক।

আরতি সাহার দাবি, জিবিপি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডেই এই কার্যকলাপ দীর্ঘদিন ধরে চলছে। রোগীদের অসহায়তার সুযোগ নিয়ে এই বেসরকারি পরিষেবা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি নিয়ম অনুযায়ী হাসপাতালে নিরাপত্তাকর্মী ও কিছু মেশিন অপারেটর ছাড়া অন্য কোনও বেসরকারি সংস্থা বা ব্যক্তি পরিষেবা দিতে পারে না। তবুও কীভাবে রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে এভাবে বেসরকারি পরিষেবা চালানো হচ্ছে, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

ঘটনাটি সামনে আসার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত এ বিষয়ে হাসপাতাল প্রশাসনের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। তাদের এই নীরবতা ঘিরে ক্ষোভ বাড়ছে বিভিন্ন মহলে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande