এনজিও-র নাম ভাঙিয়ে হামলা, পুলিশের সাথে দুর্ব্যবহার—গ্রেফতার ৩ যুবক
আগরতলা, ৩০ মার্চ (হি.স.): রাজধানী আগরতলায় বটতলা এলাকায় এনজিও-র নাম ভাঙিয়ে মধ্যরাতে ''দাদাগিরি''-র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃতরা হল সুমন দে, সুরজিৎ দাস এবং মৃদুল
তিন যুবক গ্রেফতার


আগরতলা, ৩০ মার্চ (হি.স.): রাজধানী আগরতলায় বটতলা এলাকায় এনজিও-র নাম ভাঙিয়ে মধ্যরাতে 'দাদাগিরি'-র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। ধৃতরা হল সুমন দে, সুরজিৎ দাস এবং মৃদুল মালাকার।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে একদল যুবক বটতলা এলাকায় হঠাৎ করে উৎপাত শুরু করে। অভিযোগ, তাঁরা ফুটপাতে বসবাসকারী দুই মহিলা ও এক পুরুষকে ধরে মারধর করে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অভিযুক্ত যুবকরা নিজেদের ‘ত্রিপুরা ইয়ুথ ব্রিগেড’ নামে একটি এনজিও-র সদস্য বলে পরিচয় দেয়। শুধু তাই নয়, তাঁরা পুলিশের সঙ্গেও দুর্ব্যবহার করে এবং 'দাদাগিরি' শুরু করে বলে অভিযোগ। এমনকি উপস্থিত পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে আঙুল তুলে আইন-কানুন সম্পর্কে ‘পাঠ’ দেওয়ারও চেষ্টা করেন তাঁরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

ঘটনার ভিডিও ও বিবরণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টির গুরুত্ব বুঝে রবিবার পশ্চিম আগরতলা থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে রবিবার রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, ধৃতরা নিজেদের এনজিও-র সদস্য দাবি করলেও এ সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক তদন্তে তাঁদের বিরুদ্ধে মারধর, আইনশৃঙ্খলা ভঙ্গ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে।

তিনি আরও জানান, ধৃতদের সোমবার আদালতে তোলা হয় এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের চিহ্নিত করার কাজও চলছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande