
কাটিহার, ৩০ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার পরিস্থিতি ঘিরে গ্যাস সরবরাহ নিয়ে ছড়ানো গুজবের মধ্যে কাটিহার জেলা প্রশাসন স্পষ্ট জানাল, জেলায় এলপিজি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সোমবার জেলা শাসক আশুতোষ দ্বিবেদী জানান, ডিস্ট্রিবিউটরদের কাছে পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে।
এদিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার জেলায় মোট ৬,২৭৬টি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে এবং বর্তমানে ডিস্ট্রিবিউটরদের কাছে ১৬,৭৮২টি সিলিন্ডার মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গ্যাস সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে বলেও জানান জেলাশাসক। একই সঙ্গে কাটিহার শহরে পাইপলাইনের মাধ্যমে গৃহস্থালির রান্নার গ্যাস (পিএনজি) সরবরাহ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৭৩০ জন এই সংযোগের জন্য আবেদন করেছেন। আগামী ১৫ দিনের মধ্যে শহরের কিছু এলাকায় এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পাশাপাশি অযথা ভিড় না করার আবেদন জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রের মতো জরুরি পরিষেবাগুলিকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এছাড়া, গ্যাস সংক্রান্ত সমস্যার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কালোবাজারি ও অবৈধ মজুত রুখতে ১৬টি বিশেষ দলও গঠন করেছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য