
উত্তর দিনাজপুর, ৩০ মার্চ (হি.স.): উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় রবিবার রাতে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে সংঘর্ষের পরে পরিস্থিতি এখনও থমথমে। কাঁচাকালী বাজার এলাকায় হওয়া এই ঘটনার পর সোমবার দুর্ঘটনাস্থলে পৌঁছান দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্ত।
তিনি প্রথমে দলীয় কার্যালয়ে গিয়ে আহত কর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের মনোবল বাড়ান। এরপর চোপড়া থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি।
সাংসদ অভিযোগ করেছেন যে, বিজেপি কর্মীরা যখন এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন, সেই সময় ২৫-৩০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁদের ওপর আচমকা হামলা চালায়। তিনি বলেন, “চোপড়ার মানুষ উন্নয়ন চান, কিন্তু কিছু অসামাজিক লোকজন এতে বাধা সৃষ্টি করছে।” অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এই এলাকাকে যে কোনও মূল্যে “গুন্ডামুক্ত” করতে হবে।
ঘটনার পর সাংসদ কাঁচাকালী এলাকায় বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর সঙ্গে নির্বাচনী প্রচার সারেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন।
পুলিশ সূত্রে খবর, এই মামলায় এ পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বজায় থাকায় যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি