
মুম্বই, ৩০ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের সাতারা জেলার করাড তহসিলের তাসাভাদে এমআইডিসি এলাকায় একটি রাসায়নিক কারখানায় সোমবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে নেমেছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একাধিক দমকলের গাড়ি পাঠানো হয়। বর্তমানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে জানা গেছে, আগুন লাগার আগেই কারখানার শ্রমিকরা নিরাপদে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বৈশালী কাদুকর জানিয়েছেন, শর্ট সার্কিটের জেরেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের কারখানাগুলি খালি করে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য