কৈলাসহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩
কৈলাসহর (ত্রিপুরা), ২৮ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর শহরের ছিন্নমস্তা কালিবাড়ির সামনে শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির
কৈলাসহরে সড়ক দুর্ঘটনা


কৈলাসহর (ত্রিপুরা), ২৮ মার্চ (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহর শহরের ছিন্নমস্তা কালিবাড়ির সামনে শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ই-রিক্সাকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ই-রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতরভাবে আহত হন।

আহতদের মধ্যে কীর্তনথলী এলাকার বাসিন্দা মনীষ সিনহা ও অনিমেষ সিনহা রয়েছেন। এছাড়া অপর আহত ব্যক্তি টুটন চৌধুরী, তিনি কৈলাসহরের এক ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বলেরো গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। গুরুতর আহতদের তড়িঘড়ি ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা মনীষ সিনহা ও অনিমেষ সিনহার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করেন। টুটন চৌধুরীর অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পরই বলেরো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করা সম্ভব হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং দ্রুত তাঁকে গ্রেফতার করা হবে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande