
ধর্মনগর (ত্রিপুরা), ২৮ মার্চ (হি.স.) : শনিবার উত্তর ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশনে এক দুঃখজনক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মানসিক ভারসাম্যহীন বলে সন্দেহভাজন এক ব্যক্তি প্লাটফর্মের একটি বেঞ্চে বসে ছিলেন। হঠাৎই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্লাটফর্ম থেকে নিচে পড়ে যান এবং গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার ফলে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় প্লাটফর্মের নিচে পড়ে থাকেন। ঘটনাটি নজরে আসতেই স্টেশনে উপস্থিত যাত্রী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে সাহায্যের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ধর্মনগর দমকল দফতরে খবর পাঠান।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে তাঁকে তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে এবং ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য রেল স্টেশন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের একাংশের মতে, স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা রেল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ