
বাঁকুড়া, ৪ মার্চ (হি.স.): হাতির হানায় মৃত্যু হল এক গ্রামবাসীর। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাঁকুড়া জেলার জয়পুরের রাউৎখন্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দাঁতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে বুধবার ভোরে একের পর এক গ্রামে ঢুকে হামলা চালায়। তাতেই ওই গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ| মৃতের নাম বিজয় কোলে।
হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাঁতালটি বুধবার ভোরে জয়পুর রেঞ্জের রাউৎখন্ড, জামডিগরি, কলাবনি ও পাথরপাড়ায় ঢুকে একের পর এক বাড়িতে ভাঙচুর চালায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এসময় পাথরপাড়ায় নিজের বাড়িতেই ছিলেন বিজয় কোলে। হাতিটি হঠাৎ তাঁকে আক্রমণ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ও চাষের জমিতে বারবার হামলা চালাচ্ছে। অথচ বন দফতর নীরব দর্শক।
এই ঘটনার পর বন দফতর হাতিকে বাগে আনতে চেষ্টা চালায়। অবশেষে তাকে ঘুমপাড়ানি ইঞ্জেকশন দিয়ে ক্রেনের সাহায্যে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এই ঘটনার আগে গত রবিবার রাতে সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামে হানা দেয় তিনটি হাতির একটি দল। হাতিগুলি গ্রামে ঢুকে একটি বাড়িতে হামলা চলায়। হাতির দল ভেঙে গুঁড়িয়ে দেয় বাড়ির একাংশ, বাড়ির দু’টি দেওয়াল ও গোয়াল ঘরের একাংশ। এমনকি ভেঙে দেয় একটি মোটরবাইক।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট