
শিলং, ৪ মাৰ্চ (হি.স.) : শিলঙে মুখোশধারী দুষ্কৃতীদের পাথর হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন ‘নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি’ (নেহু)-র রেজিস্ট্রার-ইনচার্জ কৈলাশচন্দ্র বিসওয়াল।
আজ বুধবার পূর্ব খাসিপাহাড়ের পুলিশ সুপার বিবেক সিয়েম জানান, গত সোমবার সন্ধ্যায় শিলঙের মাওলাই বাইপাসের কাছে কতিপয় মুখোশধারী দুষ্কৃতী নেহু)-র রেজিস্ট্রার-ইনচার্জ কৈলাশচন্দ্র বিসওয়ালকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে। পাথর-হামলায় মাথায় আঘাত পেয়েছেন বিসওয়াল। বিসওয়াল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার বলেন, প্রায় পাঁচজন মুখোশধারী তাঁর গাড়ির গতিরোধ করে আচমকা পাথর ছুঁড়তে শুরু করে। একটি পাথর তাঁর মাথায় আঘাত করেছে।
পুলিশ সুপার সিয়েম জানান, ঘটনাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ঘটেছে। চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
রেজিস্ট্রার-ইনচার্জ কৈলাশচন্দ্র বিসওয়ালকে দ্রুত ‘নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স’ (নেইগ্রিমস)-এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, তিনি বর্তমানে নিউরোলজি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
এ ঘটনায় একটি মামলা রুজু করে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, নেহু-র উপাচার্য অধ্যাপক প্রভাশংকর শুক্লা সম্প্রতি শিলঙ ক্যাম্পাসের রেজিস্ট্রার-ইনচার্জ হিসেবে বিসওয়ালকে নিয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ, প্রশাসনিক অনিয়মের জেরে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ২০২৪ সালের ১৭ নভেম্বর ক্যাম্পাসে অনুপস্থিত উপাচার্য।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস