
কোচবিহার, ৪ মার্চ (হি স)। তর্কের জেরে রাগের মাথায় এক কিশোরের পেটে ছুরি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গৌরাঙ্গ দে সরকার। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কোচবিহার শহরের নিউ কদমতলা এলাকায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, ওই এলাকারই বাসিন্দা গৌরাঙ্গ দে সরকার। তারই প্রতিবেশী চিরঞ্জিত অধিকারী ওরফে রাজা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গৌরাঙ্গ দে সরকারের বাবার কাছে ধূমপান করার জন্য দেশলাই কাঠি চায় অভিযুক্ত রাজা। কিন্তু তা দিতে অস্বীকার করে ওই ব্যক্তি জানতে চান, এত ছোট বয়সে কেন দেশলাই কাঠি চাইছে। এর পরেই দুজনের মধ্যে শুরু হয় বচসা। এমনকী ওই ব্যক্তিকে অভিযুক্ত চিরঞ্জিত অধিকারী ওরফে রাজা মারধর করে বলে অভিযোগ।
সেই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যায় গৌরাঙ্গ দে সরকার। কেন মারধর, তা নিয়ে শুরু হয় গৌরাঙ্গ এবং চিরঞ্জিতের মধ্যে তুমুল বচসা। সেই সময় রাগের মাথায় হঠাৎ করেই গৌরাঙ্গের পেটে অভিযুক্ত চিরঞ্জিত ছুরি চালিয়ে দেয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত