
বাঁকুড়া, ৪ মার্চ (হি.স.): একটি দলছুট দাঁতাল বুধবার ভোর রাতে ঢুকে পড়ে বাঁকুড়ার জয়পুর রেঞ্জের রাউতখণ্ড এলাকায়। খবর পেয়েই বন দফতরের কর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। তবে অতি উৎসাহী মানুষের ভিড়ে হাতিটি বিক্ষিপ্ত ভাবে দৌড়ঝাঁপ শুরু করে। এতে তিনজন আহত হয়েছেন বলে বন দফতর সূত্রে জানা গেছে। তাঁদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। ছুটোছুটিতে চোট পেয়েছে দু'টি গরুও। ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ।
বন দফতরের জয়পুর রেঞ্জ এর এক আধিকারিক বলেন, বুধবার ভোর রাতে একটি হাতি পাত্রসায়র রেঞ্জ থেকে জয়পুরের রাউতখন্ডে ঢুকে পড়ে। হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। মানুষের ভিড় ও হট্টগোলে হাতিটি বিভ্রান্ত হয়ে পড়েছে। মানুষকে সতর্ক করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ