
মালদা, ৪ মার্চ (হি.স.): মালদার চাঁচল থেকে লক্ষাধিক টাকার জাল নোট ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজন। বেশ কয়েকদিন ধরে দুই পৃথক অভিযান চালায় চাঁচল থানার পুলিশ। উদ্ধার করা হয় পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ।
বুধবার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ লক্ষ টাকার জাল নোট। দ্বিতীয় অভিযানে গোলাম রব্বানী ও মিজানুর রহমান নামের দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আব্দুল বারেক চাঁচল থানার অন্তর্গত চন্দ্রপাড়া অঞ্চলের খানপাড়ার বাসিন্দা। জালনোটগুলো শিলিগুড়ি থেকে আনা হয়েছিল মালদার বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য। অন্যদিকে ধৃত দুই অস্ত্র কারবারি মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অস্ত্রগুলি তারা বিহার থেকে নিয়ে এসেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ