
দক্ষিণ ২৪ পরগনা, ৪ মার্চ (হি স)। মঙ্গলবার রাতে মগরাহাটের উস্তি থানার ঘোলা নয়পাড়ায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও ভোটার তালিকায় নাম বিচারাধীন থাকায় আতঙ্কে ছিলেন তিনি। সেই আতঙ্ক থেকেই তিনি আত্মঘাতী হন।
মৃতের নাম রফিক আলী গাজী। পেশায় ভ্যানচালক, বছর ৪৪। পরিবারের দাবি, কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নামের পাশে লেখা ‘বিচারাধীন’। তা দেখার পর থেকেই আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল তাঁকে। এর মধ্যেই তিনিগলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন।
খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এমনকী ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানো হয়েছে।
মগরাহাট বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ বলেন, ”সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে তৃণমূলের এক প্রতিনিধি দল মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ময়না তদন্তের পর দেহ নিয়ে প্রতিবাদ মিছিল করা হবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত